ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের এক স্থানীয় কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গাজা উপত্যকার খান ইউনিসের মাগাজিতে ওই কমান্ডারসহ আরও কয়েকজন হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) এমন দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে এটি ঘোষণা করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচে আদ্রেই। তবে ইসরায়েলি সেনাদের হাতে নিহত হওয়া ওই কমান্ডারের নাম উল্লেখ করেননি তিনি।
ওই পোস্টে আভিচে বলেন, খান ইউনিসে হামাসের ব্যবহৃত একটি ভবনে হামলা চালিয়েছিল ইসরায়েলি বিমানবাহিনী। এতে ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের হামলায় অংশ নেওয়া স্থানীয় এক কমান্ডারসহ হামাসের সাত যোদ্ধা নিহত হয়েছে।
আভিচের দাবি, খান ইউনিসে বেশ কয়েকটি অ্যাসল্ট রাইফেল এবং আরপিজি লঞ্চার খুঁজে পেয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেগুলো ধ্বংস করেছে তারা।
তিনি আরও বলেন, মধ্য গাজার বুরেজে এক হামাস যোদ্ধাকে হত্যা করার জন্য একটি ড্রোন ব্যবহার করেছিল সেনারা।