ইরাক ও সিরিয়ায় কুর্দিদের ওপর বিমান হামলা চালিয়েছে তুরস্কের সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর বিমান হামলায় ২৩টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে বিদ্যমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই অভিযান চালিয়েছে তুরস্ক। এই হামলা তুরস্কের দক্ষিণ সীমান্ত জুড়ে সহিংসতার সাম্প্রতিক বৃদ্ধিকে আরও প্রসারিত করেছে।
শুক্রবার উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে নয় তুর্কি সেনা নিহত হওয়ার পর এই সংঘর্ষের উত্থান হয়েছে। ইরাকের ওই এলাকার বিমান হামলা ও সামরিক অভিযানের জবাব দিয়েছে তুরস্ক। পাশাপাশি উত্তর সিরিয়াতেও হামলা করেছে তারা।
সর্বশেষ বিমান হামলাগুলো স্থানীয় সময় সোমবার রাত ১০ টায় ইরাকের উত্তরাঞ্চলের মেটিনা, গারা, হাকুরক এবং কান্দিল অঞ্চলে, ইরবিল শহরের কাছাকাছি, একইসঙ্গে সিরিয়ার উত্তরাঞ্চলে পরিচালিত হয়েছিল। তুর্কি মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ দেশটির সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং হামলা প্রতিরোধ করবে।
মন্ত্রণালয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘গুহা, আশ্রয়কেন্দ্র, সুড়ঙ্গ, গোলাবারুদ গুদাম, সরবরাহ সামগ্রী এবং সন্ত্রাসী সংগঠনের ব্যবহৃত সুযোগ-সুবিধাসহ তেইশটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।’
ওই পোস্টে অনেক যোদ্ধাকে ‘নিউট্রালাইজড’ বা নিরপেক্ষ করার দাবি করা হয়েছে। যা সাধারণত নিহত বা বন্দি বোঝাতে ব্যবহৃত হয়।