পশ্চিম তীরে আরও ২৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (২১ জানুয়ারি) গভীর রাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বন্দি বিষয়ক গোষ্ঠীগুলো। তাদের দাবি, এ নিয়ে ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে সেনাবাহিনীর হাতে অন্তত ৬ হাজার ১৯৫ ফিলিস্তিনি আটক হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
একটি যৌথ বিবৃতিতে বন্দি বিষয়ক কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, জেনিন, তুলকারম, কালকিলিয়া, নাবলুস, রামাল্লা, জেরুজালেম, হেবরন ও জেরিকোসহ অধিকৃত অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় আটকের ঘটনা ঘটেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী অন্তত ৬ হাজার ১৯৫ ফিলিস্তিনিকে আটক করেছে।
দক্ষিণ ইসরায়েলে হামাসের আন্তসীমান্ত হামলার পর গাজা উপত্যকায় নির্বিচারে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর পর থেকেই থেকে পশ্চিম তীরজুড়ে উত্তেনা আরও বেড়েছে। এই হামলায় গাজায় কমপক্ষে ২৫ হাজার ২৯৫ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু।