ইসরায়েল ফেরত নাম পরিচয়হীন লাশগুলো দাফন করলো ফিলিস্তিন

নাম-পরিচয়হীন বেশ কয়েকজন ফিলিস্তিনির মরদেহ মঙ্গলবার গাজা উপত্যকায় দাফন করা হয়েছে। লাশগুলো এতদিন ইসরায়েলে ছিল যা ইসরায়েল কর্তৃপক্ষ হস্তান্তর করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

রাফাহ শহরে পাশাপাশি অনেকগুলো কবরে প্রায় ১০০টি লাশ সমাহিত করা হয়েছে।  লাশগুলো কবরে শুইয়ে দিয়ে বুলডোজার দিয়ে বালু ফেলে ভরাট করা হয়।গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, তাঁদের কাছে ১০০টি লাশ হস্তান্তর করা হয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, ইসরায়েল–নিয়ন্ত্রিত কেরেম শালম ক্রসিংয়ে প্রথমে লাশগুলো হস্তান্তর করা হয়। এরপর সেগুলো রাফাহতে নেওয়া হয়। লাশগুলো নীল রঙের প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছিল।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, সম্প্রতি নিহতের পাশাপাশি ইসরায়েলি বাহিনী কবর খুঁড়ে তোলা কিছু লাশও হস্তান্তর করেছে। তবে  এ বিষয়ে ইসরায়েলি বাহিনী কোনও মন্তব্য করেনি।

এদিকে লাশ সমাহিত করার মর্মান্তিক দৃশ্য দেখতে জড়ো হয় মানুষ। অনেকে তাদের স্বজনদের খোঁজার চেষ্টা করেন। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির।