অধিকৃত পশ্চিম তীরে চলতি বছরের বৃহত্তম অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) এই ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ফিলিস্তিনিদের প্রশাসনিক রাজধানী রামাল্লায় রাতারাতি প্রবেশ করে এই অভিযান চালানো হয়েছে।
রামাল্লার প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইসরায়েলি বাহিনী কয়েক ডজন সামরিক গাড়ির একটি বহর নিয়ে শহরে প্রবেশ করে। শহরটি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পরিচালিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দফতর।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমরি শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় ১৬ বছর বয়সী মুস্তাফা আবু শালবাককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলেছে, ইসরায়েলি বাহিনী ক্যাম্পে হামলা চাললে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় ‘ফিলিস্তিনি যুবকদের উপর সরাসরি গুলি চালানো হয়।’ এসময় ঘাড় ও বুকে গুলিবিদ্ধ হয়ে আবু শালবাক আহত হয়।
রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীকে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও জবাব পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, অভিযান চালানোর সময় পশ্চিম তীরের তুলকার্ম শহরের একটি প্রধান রাস্তাও ধ্বংস করে ফেলেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের মতে, পশ্চিম তীরে রাতারাতি অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৫৫ ফিলিস্তিনিকে আটক করেছে।
গাজা যুদ্ধের সঙ্গে সঙ্গে পশ্চিম তীরজুড়েও সহিংসতা বেড়ে চলেছে। ইসরায়েলি সেনা এবং বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১৯৬৭ সালে এই অঞ্চল দখল করার পর থেকে সেখানকার ফিলিস্তিনি এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে ইসরায়েল।