গাজায় যুদ্ধবিরতি: আরও একদিন বাড়লো আলোচনার মেয়াদ

গাজায় একটি বর্ধিত যুদ্ধবিরতির লক্ষ্যে শুরু করা আলোচনার মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এর আগে, কোনও অগ্রগতি ছাড়াই গাজায় সম্ভাব্য একটি যুদ্ধবিরতির আলোচনা শেষ হওয়ার কথা জানানো হয়েছিল। তবে মধ্যস্থতাকারীদের অনুরোধে এই আলোচনার মেয়াদ আরও একদিন বাড়ানো হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কায়রোর এই আলোচনাকে গাজায় প্রথমবারের মতো বর্ধিত একটি যুদ্ধবিরতির প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছিল। এই প্রস্তাবের আওতায়, একটি ৪০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে কয়েক ডজন জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত রাখা হয়। এছাড়া, মানবসৃষ্ট দুর্ভিক্ষ রুখতে রমজান শুরুর আগেই গাজায় সাহায্য পাঠানোর প্রস্তাব দেওয়া হয়, যা আগামী সপ্তাহের শুরুতেই শুরু হওয়ার কথা ছিল।

রয়টার্সকে হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির বিষয়ে ‘আরও আলোচনার জন্য মঙ্গলবার কায়রোতে থাকবে প্রতিনিধি দলটি। আজ সন্ধ্যায় তারা আলোচনার এই রাউন্ড শেষ করবেন বলে আশা করা হচ্ছে।’

মিসরের কাহেরা টেলিভিশনও আলোচনার মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে মধস্থতাকারীরা নানাবিধ ‘জটিলতার মুখোমুখি হচ্ছেন।

এর আগে, রয়টার্সকে হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, দুদিনের আলোচনার সময় মধ্যস্থতাকারীদের কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব পেশ করেছিল সশস্ত্র গোষ্ঠীটি। তারা এখন এই আলোচনায় অংশ না নেওয়া ইসরায়েলিদের প্রতিক্রিয়ার অপেক্ষা করছে।