মিশরের কুখ্যাত আল-আকরাব কারাগারে ৩২ বন্দির অনশন

নির্যাতনের জন্য কুখ্যাত মিশরের একটি কারাগারের অন্তত ৩২ জন বন্দি অনশন  করেছেন। বন্দিদের নির্যাতন ও দেখা করতে আসা পরিবারের সদস্যদের মারধরের প্রতিবাদে এ অনশন করছেন বন্দিরা। গত মাস থেকে বন্দিরা অনশন শুরু করেন বলে জানিয়েছেন কয়েকজন বন্দির পরিবারের সদস্যরা। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা খবরটি নিশ্চিত করেছে।
‘মিশরের গুয়ানতানামো’ হিসেবে পরিচিত সর্বোচ্চ নিরাপত্তার আল-আকরাব কারাগারটি কায়রো থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
আল-আকরাব কারাগারের অবস্থা পর্যালোচনাকারী একটি সংস্থা জানিয়েছে, গত বছর কারাগারে বেশ ধারাবাহিকভাবে বেশ কিছু আইনের লঙ্ঘন ঘটেছে। বন্দিসহ তাদের সঙ্গে দেখা করতে আসা পরিবারের সদস্যদেরও মারধরের একাধিক ঘটনা ঘটে। এসব ঘটনায় ২৪ ফেব্রুয়ারি থেকে কয়েকজন বন্দি অনশন শুরু করেন। পরে আরও প্রায় ২৫জন তাদের সঙ্গে যোগ দেন। কারাগারের অবস্থার উন্নতি ও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে বন্দিরা ঘোষণা দিয়েছেন।

মুসলিম ব্রাদারহুডের সাবেক মিডিয়া মুখপাত্র গেহাদ এ-হাদ্দাদ প্রথমে অনশন শুরু করেন। তার স্ত্রী বাসমা মাহমৌদ জানান, নিজের মুক্তির জন্য না, কারাগারের ভেতরে মানবিক পরিবেশের জন্য অনশন করছেন হাদ্দাদ।  বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজনীয় বিষয়ের জন্যই এ অনশন।

অনশনকারী বন্দিদের পরিবারের সদস্য জানান, আল-আকরাব কারাগারের পরিস্থিতি দেশটির কারা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না।

সম্প্রতি আরবি হ্যাশট্যাগ আকরাব অনশন চালু হয়েছে। যা অনলাইনে আলোচিত হচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট মোহামেদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর মুসলিম ব্রাদারহুডের সদস্যদের  ব্যাপক হারে ধরপাকড় করে সরকার। সূত্র: আল-জাজিরা।

/এএ/