সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় ৮ সিরীয় সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধের মধ্যে সিরিয়ায় ইসরায়েলের করা সর্বশেষ হামলার ঘটনা এটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দখলকৃত গোলান হাইটস থেকে ‘দামেস্কের কাছাকাছি একটি স্থাপনায়’ ইসরায়েলি হামলায় কিছু বস্তুগত ক্ষতি হয়েছে।
সিরীয় সরকারের সমর্থনকারী জোটের একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, সিরিয়ার নিরাপত্তা বাহিনী পরিচালিত একটি ভবনে হামলাটি আঘাত হেনেছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। বাহিনীটি রয়টার্সকে জানায়, বিদেশি মিডিয়ার প্রতিবেদনে কোনও প্রকার মন্তব্য করে না তারা।
বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ৭ অক্টোবরে ইসরায়েলে করা হামাসের হামলার জেরে অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। একইসঙ্গে সিরিয়ায় হামলা বাড়িয়েছে দেশটি। এমনকি লেবাননের দক্ষিণ সীমান্তজুড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও গুলি বিনিময় করেছে তারা।
নিরাপত্তা সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার সিরিয়ায় আঘাত হানা অবস্থানটি সাইয়েদা জিনাব মাজারের ঠিক দক্ষিণে ছিল। সেখানে হিজবুল্লাহ এবং ইরানী বাহিনী নিযুক্ত রয়েছে।
তবে হামলার শিকার হওয়া স্থাপনাটি ইরানি ইউনিট বা হিজবুল্লাহ পরিচালিত নয়।