রাফাহ সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ও মিসরীয় সেনাদের মধ্যে বিরল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মিসরীয় সেনা নিহত হয়েছেন। তবে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আইডিএফ বলছে, এক মিসরীয় সেনা প্রথমে ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালালে পাল্টা গুলি করে তখন এক মিসরীয় সেনা নিহত হন। হিব্রু পত্রিকা মারিভের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এই খবর জানিয়েছে।
এ ঘটনার পর গোলাগুলি বন্ধ করার জন্য মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন আইডিএফ কর্মকর্তারা।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। এ নিয়ে মিসরীয়দের সঙ্গে একটি সংলাপ চলছে বলেও জানিয়েছে তারা।
গত জুনে ইসরায়েলে অনুপ্রবেশ করে তিন আইডিএফ সেনাকে হত্যা করেছিল এক মিসরীয় পুলিশ অফিসার। মিসর দাবি করেছিল, মাদক চোরাকারবারিদের ইসরায়েলে ধাওয়া করার সময় এই ঘটনা ঘটেছিল।
ইসরায়েলের একটি তদন্তে দেখা গেছে, ওই পুলিশ অফিসার সীমান্তের বেড়ার একটি জরুরি গেট দিয়ে অনুপ্রবেশ করে দুই সেনাকে হত্যা করে।
অক্টোবরেও দুই ইসরায়েলি পর্যটক এবং তাদের মিসরীয় গাইডকে হত্যা করেছিল একজন মিসরীয় পুলিশ।