ইসরায়েলি হেফাজতে হামাস নেতার মৃত্যু

ইসরায়েলি হেফাজতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা মুস্তফা মুহাম্মদ আবু আরা (৬৩) মারা গেছেন। শুক্রবার (২৬ জুলাই) ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস এই অভিযোগ করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের বন্দি বিষয়ক সংস্থা এবং ফিলিস্তিনি বন্দিদের অধিকার সংস্থা এক যৌথ বিবৃতিতে জানায়, দক্ষিণ ইসরায়েলের একটি কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পর আবু আরা মৃত্যুবরণ করেন।

হামাস এক বিবৃতিতে জানায়, আমরা শেখ মুস্তফা মুহাম্মদ আবু আরার মৃত্যুতে শোকাহত এবং দখলদারদের দ্বারা পরিকল্পিত চিকিৎসা অবহেলার মাধ্যমে তার হত্যার জন্য তাদের দায়ী করি।

ফিলিস্তিনি সংস্থা এবং অধিকার সংস্থাটি জানায়, অক্টোবর মাসে গ্রেফতার হওয়ার সময় আবু আরা গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। বন্দি অবস্থায় তিনি নির্যাতন এবং অনাহারের শিকার হন।

ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এই মাসের শুরুতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করে, ইসরায়েলি-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে অত্যাচারের ‘প্রতিশোধের যুদ্ধ’ চালাচ্ছে ইসরায়েল। তখন ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করে জানিয়েছিল, তারা আন্তর্জাতিক আইনের মধ্যে থেকেই কাজ করছে।