ইসরায়েলে হিজবুল্লাহর হামলাকে ‘চড়’ বলছে হামাস

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ইসরায়েলবিরোধী হামলাকে প্রশংসা করে এটিকে শক্তিশালী এবং কেন্দ্রীভূত প্রতিক্রিয়া বলে অভিহিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। রবিবার (২৫ আগস্ট) ইসরায়েলে হিজবুল্লাহর হামলার পর এই প্রতিক্রিয়া জানায় গোষ্ঠীটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হিজবুল্লাহর ব্যাপক অভিযান এবং রকেট ও ড্রোন হামলার পরে একটি বিবৃতিতে হামাস জানায়, আমরা জোর দিয়ে বলছি, এই শক্তিশালী এবং কেন্দ্রীভূত প্রতিক্রিয়া জায়নবাদী সরকারের জন্য একটি তীব্র চড়। এই হামলা ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে।

রবিবার সকালে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে শতাধিক রকেট ও ড্রোন হামলা চালায়। এর জবাবে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননে ১০০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে আক্রমণ চালায়। সীমান্তে দশ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় সংঘর্ষগুলোর একটি।

লেবাননে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে ইসরায়েলে কোনও প্রাণহানি হয়নি ও ক্ষয়ক্ষতি সীমিত ছিল।

হিজবুল্লাহ ইঙ্গিত দিয়েছে, তারা আপাতত আর হামলার পরিকল্পনা করছে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশটি পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না।