আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মার্কিন নির্মিত এমকিউ-৯ ড্রোনটি ইয়েমেনের আকাশপথে উড়ে যাওয়ার সময় এটি ভূপাতিত করা হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) এই দাবি করেছে গোষ্ঠীটি। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।
বিদ্রোহীরা বলছে, হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছিল।
রেকর্ডকৃত একটি ভিডিওবার্তায় এমন দাবি করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেন, ইয়েমেনের মারিব প্রদেশে ড্রোনটি ভূপাতিত করা হয়।
তবে ড্রোনটি হুথিরা কীভাবে ভূপাতিত করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এপিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হুথিদের দাবিটির বিষয়ে তারা অবগত। তবে ইয়েমেনের আকাশে আমেরিকান ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে ‘কোনও প্রতিবেদন’ তারা পায়নি।
খবরে বলা হয়েছে, হুথিরা মার্কিন ড্রোন ভূপাতিত করার কোনও ছবি বা ভিডিও প্রকাশ করেনি যাতে তাদের দাবির সত্যতা প্রমাণিত হয়।