ইসরায়েলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে নয়জন। সামরিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় একজন তাদের টেলিভিশন উপস্থাপক নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সিরিয়ান আরব নিউজ এজেন্সি-সানা জানিয়েছে, মঙ্গলবার সকালে রাজধানীকে লক্ষ্য করে আগ্রাসন চালায় ইসরায়েল। এই আগ্রাসনে তাদের টেলিভিশন উপস্থাপক সাফা আহমাদ নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, আবাসিক ভবনের নিচে একটি গাড়ি আগুনে পুড়ে যাচ্ছে।
তবে হামলায় নিহত তিন ব্যক্তির একজনই টেলিভিশন উপস্থাপক কিনা, তা জানা যায়নি।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
হামলায় ব্যক্তিগত সম্পত্তিরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সানা।
রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার পর সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী এক রাতে পরপর তিনবার ইসরায়েলি লক্ষ্যবস্তুকে বাঁধা দেয়।
সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর দীর্ঘদিন ধরেই হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে গত ৭ অক্টোর হামাস ইসরায়েলে হামলার পর থেকে এ ধরনের হামলার সংখ্যা বাড়িয়েছে তারা।
সাম্প্রতিক হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটলো, যখন ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করেছে।