গাজায় ইসরায়েলি বিমান হামলা

হামাস সরকারের প্রধানসহ অন্য নেতাদের নিহতের দাবি

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের সিনিয়র কর্মকর্তা রাভি মুশতাহা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ। তিনি হামাস সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলেও জানিয়েছে আইডিএফ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে আইডিএফ দাবি করে, তিন মাস আগে চালানো ওই হামলায় রাভি মুশতাহাসহ হামাসের আরও দুজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

নিহত অপর দুজন হলেন হামাসের নিরাপত্তা ব্যুরোর প্রধান সামেহ আল-সিরাজ এবং হামাসের ‘জেনারেল সিকিউরিটি মেকানিজম’এর প্রধান শামি উদেহ। 

আইডিএফ নিশ্চিত করছে, যুদ্ধবিমান দিয়ে ওই হামলাটি চালানো হয়েছিল। উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় একটি সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলায় এই তিনজনই নিহত হয়েছেন।

আইডিএফ আরও জানিয়েছে, তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল যে তিন কর্মকর্তা ওই সুড়ঙ্গেই অবস্থান করছিলেন।

গাজার এই সুড়ঙ্গেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ছবি: টাইমস অব ইসরায়েল।

সামরিক বাহিনী সুড়ঙ্গটিকে ‘একটি সুরক্ষিত এবং সজ্জিত ভূগর্ভস্থ স্থাপনা’ হিসেবে বর্ণনা করেছে যা ‘হামাসের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র’ হিসেবে কাজ করছিল।

হামাস অবশ্য শীর্ষ এই কর্মকর্তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

তবে আইডিএফ বলছে, হামাস তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কার্যক্ষমতা হ্রাস রোধ করতে তাদের ক্ষয়ক্ষতি ও নেতাদের নিহতের খবরটি সামনে আনেনি।  

আইডিএফ জানিয়েছে, মুশতাহা হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ডান হাত এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন ছিলেন। হামাস যোদ্ধাদের কোথায় কীভাবে মোতায়েন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত প্রণয়নে সরাসরি প্রভাব রাখতেন তিনি। তাকে গাজা উপত্যকায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সবচেয়ে সিনিয়র ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।

আইডিএফ-এর মতে, মুশতাহা এবং সিনওয়ার একসঙ্গে ইসরায়েলের একটি কারাগারে শাস্তি ভোগ করেছিলেন এবং পরবর্তীতে একসঙ্গে হামাসের সাধারণ নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়ে সহস্রাধিক ব্যক্তিকে হত্যা ও ২৫০ জনকে জিম্মি করে নিয়ে আসে হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিন থেকেই গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হামাসকে নির্মূল অভিযানে গত এক বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৭৮৮ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।