ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী -আইডিএফ বলছে, গত সপ্তাহে গাজায় দুটি যৌথ অভিযানে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের তিন যোদ্ধাকে হত্যা করেছে তারা। এই যোদ্ধারা গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় জড়িত ছিল বলে দাবি করেছে আইডিএফ। মঙ্গলবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে, অভিযানে নিজেদের এক সেনা নিহতের খবরও জানিয়েছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর গাজা শহরের তুফাহ এলাকার একটি স্কুলে অবস্থিত হামাসে ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ হিসেবে পরিচিত এক স্থাপনায় বিমান হামলা চালায় আইডিএফ এবং আইএসএ। এতে হামাসের এক যোদ্ধা মোহাম্মদ রাফাই নিহত হয়। রাফাই ইসরায়েলের কেফার আজা এবং নাহাল ওজে হামলায় অংশ নিয়েছিলেন বলে অভিযোগ করেছে আইডিএফ।
হামাস অবশ্য সামরিক উদ্দেশ্যে স্কুল ও অন্যান্য বেসামরিক স্থাপনা ব্যবহার করার কথা অস্বীকার করেছে।
এছাড়া গত ১ অক্টোবর দক্ষিণ রাফাহ শহরে হামাসের লক্ষ্যবস্তুতে দ্বিতীয় বিমান হামলা চালানো হয় বলে দাবি করেছে আইডিএফ। এতে হামাস যোদ্ধা মুহাম্মদ জেনন এবং বাসেল আহরস নিহত হয়।
নিহত তিনজনই গত বছরের ৭ অক্টোবরের হামলা এবং ভবিষ্যতে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে আইইডিএফ।
সামরিক বাহিনী বলেছে, হামাস কর্মকাণ্ড ও অবকাঠামোর ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান শুরু করা হয়েছিল। কারণ হামাস সেখানে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছিল।