ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরার সম্ভাবনায় যুক্তরাষ্ট্রের স্টিল ও টেক্সটাইল রপ্তানিতে শুল্ক কমানোর আশা করছে তুরস্ক, জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত। বৃহস্পতিবার (৭ নভেম্বর)ব্রডকাস্টার এহাবারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা আশা করি যে..আমাদের বৈদেশিক বাণিজ্যে,বিশেষ করে স্টিল ও টেক্সটাইল পণ্যে শুল্ক কমানো হবে।’
বুধবার যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জয়ে তুরস্কে লিরার দাম ০.৪ শতাংশ বাড়ে। ১ ডলারে ৩৪.২ লিরা পাওয়া যায় যা এখন সবচেয়ে শক্তিশালী।
এছাড়া ইস্তাম্বুলের প্রধান স্টক সূচক প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বুধবার মে মাসের পর থেকে সর্বোচ্চ একদিনের উত্থান এটি।
বিনিয়োগকারী এবং ব্যাংকারদের মতে, গাজা এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের ঘোষিত নীতি আঙ্কারার অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচিকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে। এর ফলে বছরের পর বছর ধরে চলতে থাকা উচ্চ মূল্যস্ফীতি রোধ করা যেতে পারে।
তারা আরও বলেছে, ট্রাম্পের প্রতিশ্রুত বাণিজ্য ও অভিবাসন নীতি ব্রাজিল,মেক্সিকো এবং চীনের মতো বৃহৎ উদীয়মান বাজার অর্থনীতির তুলনায় তুরস্কের ওপর তুলনামূলকভাবে কম প্রভাব ফেলতে পারে।
বোলাত আরও জানান, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের চাহিদা পূরণে সুবিধা হবে বলে তিনি আশা করছেন। যদিও ট্রাম্পের প্রথম মেয়াদে তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
তিনি আরও বলেন, রাশিয়া-সংক্রান্ত বর্তমান নিষেধাজ্ঞার কারণে ব্যাংকগুলোর ওপর চাপও কমবে বলে তার আশা।