ইসরায়েল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, লেবাননে নিহত অন্তত ২০

লেবাননে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরায়েল ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাতে বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এর পরই তাদের লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে হিজবুল্লাহ। হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত শুধু মধ্যাঞ্চলেই নিহত হয়েছে ২০ জনের বেশি মানুষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রায় ডজন খানেক হামলার ফলে বৈরুতে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। হামলার আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে বেসামরিকদের উদ্দেশে সতর্কবার্তা পোস্ট করে ইসরায়েলি সামরিক বাহিনী। পরে তারা জানায়, বৈরুতের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহ’র লক্ষ্যবস্তুতে তারা আঘাত করেছে এবং গোষ্ঠীর অধিকাংশ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র স্থাপনা ভেঙে দিয়েছে।

বেসামরিকদের ক্ষতি কমানোর লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে ইসরায়েল। তবে তারা সেই পুরনো অভিযোগের পুনরাবৃত্তি করে তারা বলেছে, হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকায় অবস্থান নিয়েছে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার জন্য। তবে এমন অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে হিজবুল্লাহ।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরে একটি আবাসিক ভবনে হামলায় দুইজন নিহত হয়েছে। পরে, নাহারিয়ার পূর্বে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করেছে হিজবুল্লাহ।

সামরিক বাহিনী উত্তর ইসরায়েলের বাসিন্দারা ড্রোন হামলা থেকে বাঁচতে নিরাপদে সরে গিয়েছিল। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, একটি ড্রোন হাইফা শহরতলির একটি কিন্ডারগার্টেনের উঠানে আঘাত হানে। তবে সবাইকে আগে থেকেই সরিয়ে নেওয়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের মধ্যাঞ্চলের মাউন্ট লেবানন প্রদেশে ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ-পূর্বে বালচমাই গ্রামে আটজন ও চৌফ জেলার জোন গ্রামে ১৫ জন নিহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলের তেফাহতায় ইসরায়েলি হামলায় পাঁচ, নাবাতিহ-তে দুই ও উপকূলীয় শহর টায়ারে একজন নিহত হয়েছেন। উত্তর-পূর্বের হারমেলে হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সেপ্টেম্বরে ইসরায়েল সেখানে বোমা হামলা শুরু করার পর থেকে বৈরুতের বাসিন্দাদের অধিকাংশই দক্ষিণ শহরতলি ছেড়ে পালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি হামলার ফুটেজে দুটি ক্ষেপণাস্ত্রকে প্রায় ১০ তলা একটি ভবনে আঘাত হানতে দেখা গেছে।