এক বছরের অস্থিরতার পর দক্ষিণ লেবাননে অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও বেসামরিকদের এখনই ঘরে ফিরতে নিষেধ করেছে ইসরায়েল। বুধবার (২৭ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র এ বিষয়ে সতর্ক করে বলেন, তারা কবে বাড়ি ফিরতে পারবেন সে বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হবে। এক প্রতিবেদনে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর আরবি-ভাষার মুখপাত্র আভিচায় আদ্রেই লেবানিজদের সতর্ক করে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ ‘আপনাদের ফিরে আসার একটি নিরাপদ তারিখ জানাবে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে এই বার্তা দেন আদ্রেই। এ সময় তিনি আরও বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী এখনও ‘দক্ষিণ লেবাননের অভ্যন্তরে তাদের অবস্থানে মোতায়েন রয়েছে।’
মঙ্গলবার একটি বৈঠক শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করেন। বুধবার ভোর থেকে এটি কার্যকর হয়েছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নেতানিয়াহু উত্তর ইসরায়েলের বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার কথা বলেন। এ সময় তিনি সতর্ক করে বলেন, ‘হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে আমরা তাদের ওপর হামলা চালাব।’
৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর পরই এর প্রতিক্রিয়ায় গাজায় প্রতিশোধমূলক হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলার জেরেই গাজা যুদ্ধের সূত্রপাত হয়। আর ফিলিস্তিনিদের সমর্থনে নভেম্বর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে গুলি বিনিময় করে ইসরায়েল ও হিজবুল্লাহ যা দক্ষিণ লেবাননে যুদ্ধের সূত্রপাত করে।