হামাসের সশস্ত্র শাখা গাজায় আটক এক আমেরিকান-ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে। এডান আলেকজান্ডার নামের এই জিম্মি গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে বন্দি রয়েছেন। শনিবার ভিডিওটি হামাসের পক্ষ থেকে প্রকাশিত হলেও এর তারিখ যাচাই করা যায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ভিডিওতে এডান আলেকজান্ডারকে ইংরেজি ও হিব্রু ভাষায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানাতে দেখা গেছে। তিনি ৭ অক্টোবর হামলায় আটক অন্যান্য জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলি জনগণকে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে বলেছেন।
এডানের মা ইয়ায়েল আলেকজান্ডার শনিবার তেল আবিবে জিম্মিদের পরিবারের আয়োজিত এক সমাবেশে বলেন, এই ভিডিও আমাকে গভীরভাবে বিচলিত করেছে। এটি আমাদের দেখায় যে ইডান ও অন্যরা বাঁচার জন্য কতটা আকুতি জানাচ্ছে এবং কতটা খারাপ পরিস্থিতিতে রয়েছে।
ইসরায়েলিদের প্রতি এডানের আহ্বান ছিল, আপনাদের প্রধানমন্ত্রীকে তার প্রতিশ্রুতি রাখতে বলুন। রাষ্ট্রটি যথেষ্ট শক্তিশালী—যুদ্ধ বন্ধ করে আমাদের প্রিয়জনদের ঘরে ফিরিয়ে আনুন।
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, জিম্মিদের মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এটিকে হামাসের নিষ্ঠুর মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র শন সাভেট বলেন, এই ভিডিও হামাসের সন্ত্রাসের একটি নিষ্ঠুর অনুস্মারক। যদি হামাস জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়, তবে গাজা যুদ্ধ কালই বন্ধ হতে পারে এবং গাজার জনগণের দুর্ভোগ শেষ হবে।
জিম্মিদের মুক্তির জন্য প্রচারাভিযান চালানো গ্রুপটি এক বিবৃতিতে বলেছে, প্রথম চুক্তির এক বছর পরেও এটি স্পষ্ট যে, জিম্মিদের মুক্তি সম্ভব একমাত্র আলোচনার মাধ্যমে।