জীবিত ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস

জীবিত ইসরায়েলি এক জিম্মির একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার (৭ ডিসেম্বর) ইসরায়েলি জিম্মি মাতান জাংগাউকারকে ভিডিওটিতে দেখানোর দাবি করেছে গোষ্ঠীটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ভিডিওতে একজন ব্যক্তি নিজেকে মাতান জাংগাউকার (২৪) হিসেবে পরিচয় দেন। এ সময় তাকে ইসরায়েলি নেতাদের একটি চুক্তির জন্য অনুরোধ করতে দেখা যায়, যেটির আওতায় গাজায় হামাসের হাতে জিম্মিরা ইসরায়েলে ফিরে আসতে পারবে।

গত মাসে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে একটি যুগান্তকারী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল। এবার গাজাতেও একটি সম্ভাব্য চুক্তির ক্রমবর্ধমান অগ্রগতি দেখতে পাচ্ছেন কাতারসহ মধ্যস্থতাকারী দেশগুলো।

এই চুক্তিটি স্বাক্ষরিত হলে ইসরায়েলে কারাবন্দি বেশ কয়েকজন ফিলিস্তিনিদের বিনিময়ে গাজায় জিম্মি ১০০ ইসরায়েলিকে মুক্ত করা যেতে পারে।

আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারী দায়িত্ব নেওয়ার আগেই তার আগত প্রশাসনের মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য কূটনৈতিক চাপ শুরু করতে কাতার ও ইসরায়েল সফর করেছেন।

যুদ্ধ চলাকালীন পনেরতম মাসে হামাস মুক্তির জন্য প্রার্থনারত জিম্মিদের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এইসব ভিডিও ক্লিপগুলোকে সরকারকে চাপ দেওয়ার একটি কৌশল হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে।

জিম্মি পরিবারের সদস্যদের প্রতিনিধিত্বকারী গোষ্ঠী হোস্টেজ ফ্যামিলি ফোরাম ভিডিওটিকে ‘জীবনের প্রমাণ’ হিসেবে অভিহিত করেছে। তারা বলেছে, এটি ‘আরও প্রমাণ করে যে ৪২০ দিনেরও বেশি সময় ধরে জিম্মিরা সেখানে এখনও জীবিত এবং গুরুতর কষ্টে দিন পার করছে।’