আসাদকে রক্ষায় আগ্রহী ছিল না রাশিয়া: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রক্ষায় আগ্রহী ছিল না রাশিয়া। তাই তার শাসনের অবসান হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি বলেন, আসাদকে মস্কো কখনোই রক্ষা করা উচিত ছিল না এবং ইউক্রেন যুদ্ধের কারণে সিরিয়ায় তাদের আগ্রহ হারায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প লিখেছেন, আসাদ চলে গেছে। তিনি তার দেশ ছেড়ে পালিয়েছেন। তার রক্ষক রাশিয়া, রাশিয়া, রাশিয়া—ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া—আর তাকে রক্ষা করতে আগ্রহী ছিল না।

তিনি আরও বলেন, রাশিয়ার সেখানে অবস্থানের কোনও কারণ ছিল না। তারা সিরিয়ায় তাদের সব আগ্রহ হারিয়েছে ইউক্রেনের কারণে... একটি যুদ্ধ যা কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং অনির্দিষ্টকালের জন্য চলতে পারে।

ট্রাম্প বলেন, রাশিয়া ও ইরান, যারা আসাদের প্রধান সমর্থক, বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে। তিনি উল্লেখ করেছেন, রাশিয়া ইউক্রেন এবং খারাপ অর্থনীতির কারণে দুর্বল। আর ইরান দুর্বল ইসরায়েলের সফল প্রতিরোধের কারণে।

ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার তিনি প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। উভয়েই সেখানে নটর ডেম ক্যাথেড্রাল পুনরায় উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেন উভয়েই যুদ্ধক্ষেত্রে ব্যাপক হতাহত হয়েছে। ইউক্রেন অনেক বেসামরিক নাগরিককেও হারিয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেনীয় নেতা একটি সমঝোতা করতে চান এবং এই পাগলামি বন্ধ করতে চান। অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত এবং আলোচনার মাধ্যমে সমাধান শুরু করা উচিত।

ট্রাম্প তার পোস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে বলেন, আমি ভ্লাদিমিরকে ভালোভাবে জানি। এটি তার সময়। চীন সহায়তা করতে পারে। বিশ্ব অপেক্ষা করছে।