গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরের হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, গাজা শহরের জেইতুন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের নুসিরাতের আল-আওদা হাসপাতালের আশেপাশে ইসরায়েলি গাড়ির ধাক্কায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা আল-কুদস আল-ইয়ুম টেলিভিশনের কর্মী।
ফিলিস্তিনি মিডিয়া ও স্থানীয় সাংবাদিকরা বলেছেন, সাংবাদিকদের ব্যবহার করা গাড়িটিকে মিডিয়া ভ্যান হিসেবে চিহ্নিত করা হয়েছিল। হাসপাতাল ও নুসিরাত ক্যাম্পের ভিতরে থেকে রিপোর্ট করার জন্য এটি ব্যবহার করছিলেন তারা।
এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইসরায়েল।
একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য বুধবার একে-অপরকে দোষারোপ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল।