ইসরায়েলের একটি বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলের একটি শরণার্থী শিবিরে অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) নিহতদের মধ্যে গাজার হামাস পরিচালিত পুলিশের প্রধান মাহমুদ সালাহ এবং তার সহকারী হুসাম শাহওয়ান রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় নিহতদের মধ্যে তিন শিশু এবং দুই নারীও ছিলেন।
হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে নিন্দা জানিয়েছে। তারা বলেছে, মাহমুদ সালাহ ও হুসাম শাহওয়ান তাদের মানবিক ও জাতীয় দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই ঘটনার রিপোর্টগুলো খতিয়ে দেখছে।
আল-মাওয়াসি এলাকাটিকে ‘মানবিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। তবে বারবার হামলা চালিয়ে তারা অভিযোগ করেছে, ওই এলাকাগুলোতে শরণার্থী পরিবারগুলোর মধ্যে হামাসের সদস্যরা লুকিয়ে আছেন।
সম্প্রতি শীতল ও বৃষ্টির আবহাওয়া শরণার্থী শিবিরের পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে।
গত ২৪ ঘণ্টায় গাজা শহরের একটি উপশহর, উত্তরে জাবালিয়া ও মধ্য গাজার বুরেইজে ইসরায়েলি বিমান হামলায় আরও প্রাণহানি ঘটেছে। বুরেইজ এলাকা থেকেই নতুন বছরের শুরুতে দক্ষিণ ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।