ইরানের তেহরানে সুপ্রিম কোর্ট ভবনে বন্দুকধারীর হামলায় দুই বিচারক নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়, আজ সকালে এক বন্দুকধারী সুপ্রিম কোর্টে ঢুকে পরিকল্পিতভাবে দুই সাহসী ও অভিজ্ঞ বিচারককে হত্যা করেছে। তারা এই ঘটনায় শহীদ হয়েছেন।
মিজান জানিয়েছে, হামলার পর বন্দুকধারী নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহত বিচারকরা হলেন আলী রেজিনি (৭১) ও মোহাম্মদ মোগিসে (৬৮)। মিজান জানায়, তারা জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধের মামলাগুলো পরিচালনা করতেন।
বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গির জানান, এক ব্যক্তি একটি পিস্তল নিয়ে বিচারকদের কক্ষে ঢুকে গুলি চালায়।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত, তলব বা গ্রেফতার করা হয়েছে। তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন দ্রুত এই নৃশংস ঘটনার সব দিক তদন্ত করে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
মোগিসেকে ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল। আর রেজিনি ১৯৯৮ সালে একটি বোমা হামলার লক্ষ্যবস্তু হয়েছিলেন। ইরানে বিচারকদের ওপর হামলার ঘটনা বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে শীর্ষ ব্যক্তিদের লক্ষ্য করে বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটেছে।
২০২৩ সালের এপ্রিলে মাজান্দারান প্রদেশে আব্বাস আলী সোলেয়মানি নামে এক প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা করা হয়। অক্টোবর মাসে কাজেরুন শহরে এক শিয়া ধর্মগুরুকে গুলি করে হত্যা করা হয়েছিল।
সূত্র: রয়টার্স