ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন সিনিয়র নেতা বৃহস্পতিবার জানিয়েছেন, তারা শুক্রবার ইসরায়েলকে জানাবে চার জিম্মির নাম, যাদের শনিবার মুক্তি দেওয়া হবে। ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটি দ্বিতীয় দফায় জিম্মি বিনিময়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
কাতারের সংবাদমাধ্যম আল-আরাবিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাস নেতা জাহের জাবারিন বলেন, আগামীকাল (শুক্রবার) আমরা মধ্যস্থতাকারীদের কাছে চার জিম্মির নাম দেব।
জাবারিন পশ্চিম তীরে হামাসের কার্যক্রম পরিচালনার দায়িত্বে আছেন এবং বর্তমানে ইস্তাম্বুলে নির্বাসিত জীবনযাপন করছেন।
শনিবার দুপুরে দ্বিতীয় দফা বিনিময় হওয়ার কথা রয়েছে। এই দফায় হামাস চারজন নারী জিম্মিকে মুক্তি দেবে, যারা সৈনিক ও বেসামরিক নাগরিক।
ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, হামাসকে জানানো হয়েছে, শনিবারের বিনিময়ে আরবেল ইহুদকে মুক্তি দেওয়া হবে বলে ইসরায়েলের প্রত্যাশা। তবে তিনি বর্তমানে ইসলামিক জিহাদের হাতে আটক রয়েছেন, যা তার মুক্তিতে জটিলতা সৃষ্টি করতে পারে।
বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিন মুক্তিপ্রাপ্ত জিম্মির পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি তাদের আশ্বস্ত করেন, আমরা বাকিদেরও ফিরিয়ে আনার চেষ্টায় কোনও কমতি রাখব না।
রাশিয়ার সহায়তা চেষ্টায় যুক্ত রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সিমোনা হ্যালপেরিন। তিনি উল্লেখ করেন, রাশিয়ার নাগরিকত্ববিহীন তিন জিম্মিকে মুক্ত করতে মস্কো সহযোগিতা করছে।
গাজায় আটকে থাকা ৯১ জন জিম্মির মধ্যে এখনও জীবিত রয়েছে এমনদের মুক্তির চেষ্টায় ইসরায়েল কাজ চালিয়ে যাচ্ছে। অন্তত ৩৪ জন মৃতদেহ পাওয়া গেছে, নিশ্চিত করেছে আইডিএফ।