প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারাআ রবিবার সৌদি আরব সফরে যাচ্ছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া টিভি সূত্রের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। ডিসেম্বরে বিদ্রোহী অভিযানের নেতৃত্ব দিয়ে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এটিই হবে শারাআর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে

আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ইসলামপন্থি শারাআ, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদের পতনের পর থেকে আরব ও পশ্চিমা নেতাদের সমর্থন অর্জনের চেষ্টা করছেন।

গত ২৪ জানুয়ারি সৌদি পররাষ্ট্রমন্ত্রী দামেস্ক সফর করেন। এ সময় তিনি বলেন, সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায চালিয়ে যাচ্ছেন তারা, সিরিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

ঐতিহাসিকভাবে আরব দেশগুলো সিরিয়ার ক্যাপ্টাগন উৎপাদন ও বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন। এটি এক ধরনের অ্যামফেটামিন জাতীয় মাদক, যা তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর মাদকাসক্ত পার্টি প্রেমী ও শ্রমিকদের মধ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পশ্চিমা মাদক-বিরোধী কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ায় দীর্ঘদিন ধরে ক্যাপ্টাগনের বৃহৎ উৎপাদন চলে আসছে এবং জর্ডান এটি উপসাগরীয় দেশগুলোতে পাচারের অন্যতম প্রধান ট্রানজিট রুট।

সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি ৭ জানুয়ারি তার জর্ডানের প্রতিপক্ষকে বলেছিলেন যে সিরিয়ার নতুন ইসলামপন্থি শাসকদের অধীনে মাদক চোরাচালান জর্ডানের জন্য কোনও হুমকি সৃষ্টি করবে না।