যুদ্ধবিরতিই ইসরায়েলি জিম্মিদের বাড়িতে ফেরানোর একমাত্র উপায়: হামাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই মনে রাখতে হবে যে, ইসরায়েলি জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনার একমাত্র উপায় হল ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে সম্মান জানানো। বলেছেন হামাসের শীর্ষ কর্মকর্তা সামি আবু জুহরি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। 

তিনি বলেন,  ‘ট্রাম্পকে মনে রাখতে হবে যে এখানে একটি চুক্তি রয়েছে, যা উভয় পক্ষকে সম্মান করতে হবে, এবং এটাই বন্দিদের ফিরিয়ে আনার একমাত্র উপায়। হুমকির ভাষার কোনো মূল্য নেই, এটি শুধু পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।’

সোমবার ট্রাম্প বলেছিলেন যে, যদি শনিবারের মধ্যে হামাস সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে তিনি যুদ্ধবিরতি বাতিল করার প্রস্তাব দেবেন।

জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতির অধীনে ধাপে ধাপে কিছু জিম্মি মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের। কিন্তু তা স্থগিত করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজা উপত্যকায় হামলা চালানোর অভিযোগ এনেছে হামাস।

গাজার ২০ লাখ বাসিন্দাকে অন্য জায়গায় পুনর্বাসন করে, এই অঞ্চলের দখল নিয়ে সেখানে মধ্যপ্রাচ্যের সৈকত বানাতে চান ট্রাম্প।

মঙ্গলবার ট্রাম্প জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটি ঘিরে উত্তেজনা বিরাজ করছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট গাজার পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে জর্ডানকে ফিলিস্তিনিদের পুনর্বাসন করতে চাপ দিচ্ছেন, অন্যথায় দেশটির প্রতি মার্কিন সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন।

২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলি ভূখণ্ডে হামলার পর হামাসের পর গাজা যুদ্ধ শুরু হয়। তবে কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জানুয়ারির মাঝামাঝি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।