নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন দেখছে না ইরান

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা-সংক্রান্ত অবস্থানে কোনও পরিবর্তন হয়েছে কি না তা এখনও পর্যবেক্ষণ করছে করছে তেহরান। সোমবার (২ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে উভয় দেশ।

তেহরানে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাঈল বাঘাঈ বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ‘মার্কিন পক্ষ এখনও এই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে প্রস্তুত নয়।’

তিনি আরও বলেন, ‘ইরানি জনগণের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞাগুলো কীভাবে তুলে নেওয়া হবে, তা আমাদের কাছে পরিষ্কার হতে হবে—যাতে অতীতের অভিজ্ঞতা পুনরাবৃত্তি না হয়।’

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আলবুসাঈদী, ইরান ও ট্রাম্প প্রশাসনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। শনিবার তেহরানে সংক্ষিপ্ত সফরের সময় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি পারমাণবিক চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু উপাদান উপস্থাপন করেছেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল গত মাসে রোমে পঞ্চম দফা আলোচনার সমাপ্তি ঘটায়। যদিও কিছু সীমিত অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে, তবুও এখনও অনেক গুরুতর মতপার্থক্য রয়ে গেছে—বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়টি নিয়ে।