গোপন অভিযানে গাজার জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করলো ইসরায়েল

গাজা উপত্যকার রাফাহ শহরের একটি আন্তর্জাতিক চিকিৎসাকেন্দ্রের সামনে গোপন অভিযানে এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। সোমবারের এই অভিযানের খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, আটক ব্যক্তির নাম মারওয়ান আল-হামস। তিনি গাজা অঞ্চলে কার্যরত ফিল্ড হাসপাতালগুলোর দায়িত্বে ছিলেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) একটি ফিল্ড হাসপাতাল পরিদর্শনে যাওয়ার সময় তাকে হঠাৎ আক্রমণ করে একটি গোপন ইসরায়েলি দল। ওই সময় সেখানে গুলিবর্ষণ করে বাহিনীটি। এতে এক সাংবাদিক নিহত ও এক বেসামরিক ব্যক্তি আহত হন।

ঘটনার বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আমাদের স্বাস্থ্য কর্মকর্তা মারওয়ান আল-হামসকে অপহরণ করে নিয়ে গেছে। এ সময় তার সঙ্গে থাকা স্থানীয় এক সাংবাদিক ঘটনাস্থলেই নিহত হন। তিনি মারওয়ানের সাক্ষাৎকার নিচ্ছিলেন।

তবে ইসরায়েলি সেনাবাহিনী এবং আন্তর্জাতিক রেড ক্রস এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

গত ২১ মাস ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, গাজার বিভিন্ন হাসপাতাল হামাসের অস্ত্র গুদাম এবং ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে আসছে। যদিও হাসপাতালগুলোয় ইসরায়েলি অভিযানের ঘটনা আগেও ঘটেছে তবে গোপন অভিযানে স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করার ঘটনা বিরল।