বহিষ্কারের সময়সীমা শেষ হওয়ার আগেই সিডনি ত্যাগ করলেন ইরানের রাষ্ট্রদূত আহমাদ সাদেগি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিডনি বিমানবন্দরে পৌঁছে অস্ট্রেলিয়ার অভিযোগকে ‘মিথ্যা’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন তিনি। ক্যানবেরার অভিযোগ, তেহরান সিডনি ও মেলবোর্ন শহরে ইহুদিবিদ্বেষী হামলার নির্দেশ দিয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
অস্ট্রেলিয়া মঙ্গলবার সাদেগিকে দেশ ছাড়তে ৭২ ঘণ্টা সময় দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম দেশটি কোনও রাষ্ট্রদূতকে বহিষ্কার করল। এছাড়া ইরানি দূতাবাসের আরও তিনজন কর্মকর্তাকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের কাছ থেকে সিডনি ও মেলবোর্নের একটি সিনেগগ ও রেস্টুরেন্টে হামলার সঙ্গে তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সংযোগ পান। এরপরই ইরানি রাষ্ট্রদূতকে অস্ট্রেলিয়া ছাড়তে বলেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিডনি বিমানবন্দরে স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক নাইন ও সেভেনকে সাদেগি বলেন, এসব ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যা।
এর আগে ক্যানবেরায় নিজের বাসভবনের বাইরে এসে তিনি বিদায় জানান। টেলিভিশন ক্যামেরার দিকে হাত নেড়ে বলেন, আমি অস্ট্রেলিয়ার মানুষকে ভালোবাসি।
অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে। যুক্তরাষ্ট্র ও কানাডাও আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করেছে।