মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান বুধবার এ তথ্য জানিয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আলি আরদেস্তানি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়াযুদ্ধে জড়িত ইরান এর আগেও বহু ব্যক্তিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততা ও দেশটির ভেতরে তাদের কার্যক্রমে সহায়তার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে।

মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সংবেদনশীল তথ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে সরবরাহ করার মাধ্যমে গুপ্তচরবৃত্তির অপরাধে আলি আরদেস্তানির বিরুদ্ধে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড সর্বোচ্চ আদালতের অনুমোদনের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

চলতি বছর ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত ইরানি নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুন মাসে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে সরাসরি সংঘাতের পর এই প্রবণতা আরও তীব্র হয়। ওই সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল।