ইরানে হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্কবার্তা রাশিয়ার

ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ধ্বংসাত্মক বিদেশি হস্তক্ষেপের কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার (১৩ জানুয়ারি)  রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে। বৃটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা বাইরের উসকানিতে সৃষ্ট অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে চালানো আগ্রাসনের পুনরাবৃত্তি করার পরিকল্পনা করছে, তাদের অবশ্যই জানা উচিত যে এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বিশ্বব্যাপী আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে।

উল্লেখ্য, এই বিবৃতি আসে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান বিক্ষোভ নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি প্রতিবাদকারীদের উদ্দেশ্যে বলেছেন, প্রতিবাদ চালিয়ে যাও, সাহায্য আসছে এবং ইরানের ওপর আরও কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন। সম্প্রতি ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন।