ওয়াশিংটন ও তেহরানকে আক্রমণাত্মক না হওয়ার আহ্বান তুরস্কের

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আবারও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে মারমুখী না হয়ে আলোচনার টেবিলে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে, এমন সম্ভাবনা দেখিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে আবারও হামলা চালায় তাহলে সেটি যুক্তরাষ্ট্রের মারাত্মক ভুল হবে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, “আবার যুদ্ধ শুরু করাটা ভুল হবে।” তিনি উভয় দেশের মাঝে আলোচনার ওপর জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনও সম্ভব এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সহযোগিতার পরিবেশ বজায় রাখা এই অঞ্চলের সব পক্ষের জন্যই জরুরি।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপসাগরে একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে, যা গত জুনে ১২ দিনের সংঘাতের পর উত্তেজনা বাড়িয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, পুনরায় হামলা হলে তারা শক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে।

ফিদান যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেন, ইরানের সঙ্গে সমস্যা একবারে একটি করে সমাধান করতে হবে। পারমাণবিক বিষয় দিয়ে আলোচনা শুরু করে পরে ক্ষেপণাস্ত্র এবং লেবাননের হিজবুল্লাহ ও গাজার হামাসের মতো আঞ্চলিক গোষ্ঠীর সমর্থনের বিষয়গুলো সমাধান করা উচিত।

তিনি আরও বলেন, ইরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফিদান বলেন, “মধ্যপ্রাচ্যে ইরানকে তাদের প্রতি বিশ্বাস তৈরি করতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর দৃষ্টিতে কীভাবে উপস্থাপিত হচ্ছে, সে বিষয়ে মনোযোগ দিতে হবে।”

তুর্কি কূটনীতিক উল্লেখ করেছেন, ধর্মীয় মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রাষ্ট্র ব্যবস্থা অনুসারে সহযোগিতা এবং একযোগে কাজ করা অত্যাবশ্যক।