যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সফরকালে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি এবং কূটনৈতিক সমাধানের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বৈঠকে উভয় রাষ্ট্রের মন্ত্রণালয় পর্যায়ে ইরান তথা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় সংঘাত এড়িয়ে কিভাবে কাজ করা যায়, সে বিষয়ে আলোচনা হতে পারে।
একই সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দেবে আঙ্কারা। ফিদান দ্রুত ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাবেন এবং প্রয়োজনে এ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে তুরস্ক প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এমন এক সময়ে এ সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন পরমাণু চুক্তিতে না এলে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে একটি মার্কিন নৌবহর মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।