পশ্চিম তীরে ভূমি নিবন্ধন সংক্রান্ত নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার। এতে দখলকৃত এ ভূখণ্ডে ইসরায়েলি ইহুদিদের জমি কেনা সহজ হবে এবং ভূমি রেজিস্ট্রি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। রোববার মন্ত্রিসভার এ সিদ্ধান্তের পর ফিলিস্তিনিদের মধ্যে কার্যত সংযুক্তির আশঙ্কা তৈরি হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সমালোচকদের মতে, জমির মালিকদের তথ্য প্রকাশ হলে ফিলিস্তিনিরা চাপ ও হয়রানির মুখে পড়তে পারেন। একই সঙ্গে হেবরনের অবৈধ ইহুদি বসতি ও ইব্রাহিমি মসজিদ এলাকার নির্মাণ অনুমোদনের ক্ষমতা ফিলিস্তিনি পৌরসভার কাছ থেকে নিয়ে ইসরায়েলের হাতে দেওয়া হয়েছে।
ইব্রাহিমি মসজিদের পরিচালক মোতাজ আবু স্নেইনা বলেন, এটি ১৯৬৭ সালের পর সবচেয়ে গুরুতর পদক্ষেপ। তাঁর অভিযোগ, হেবরনের পুরোনো শহরে ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও জোরদার করা হচ্ছে। ১৯৯৪ সালে সেখানে এক ইহুদি বন্দুকধারীর হামলায় ২৯ ফিলিস্তিনি নিহত হন। এরপর মসজিদটি ইহুদি ও মুসলিমদের জন্য ভাগ করা হয়। বর্তমানে কয়েকশ ইহুদি বসতি স্থাপনকারী সেনা সুরক্ষায় শহরের বড় অংশে প্রভাব বিস্তার করছে।
বিশ্লেষকদের মতে, হেবরনে যা ঘটছে, তা অন্য শহরেও ছড়িয়ে পড়তে পারে। বেথলেহেমে একটি মসজিদ এলাকার ব্যবস্থাপনাও ইসরায়েলের অধীনে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে।
ফিলিস্তিনিরা বলছেন, এসব পদক্ষেপ ধাপে ধাপে পশ্চিম তীরে স্থায়ী ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দিচ্ছে।