দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। রবিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে আইডিএফের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিহত দুই সেনার মধ্যে একজনের নাম প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। তিনি হলেন ৩৮ বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস মাহের খাতার। তিনি ৯১তম গ্যালিলি রিজিওনাল ডিভিশনের কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের হেভি মেশিনারি অপারেটর ছিলেন। খাতার মাজদাল শামস এলাকার বাসিন্দা। নিহত দ্বিতীয় সেনার নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ইসরায়েলি সীমান্তের মানারা সংলগ্ন দক্ষিণ লেবাননের একটি সেনা পোস্টের কাছে এই ঘটনা ঘটে। আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই এলাকায় অভিযান চলাকালীন একটি সাঁজোয়া যান (এপিসি) আটকা পড়ে। সেটি উদ্ধারের জন্য আইডিএফ আরেকটি সাঁজোয়া যান এবং দুটি ডি-৯ সাঁজোয়া বুলডোজার পাঠায়। উদ্ধারকাজ চলাকালে একটি ডি-৯ বুলডোজার লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা করে।

আইডিএফ আরও বলেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বুলডোজারটিতে আগুন ধরে যায় এবং এতে থাকা দুই সেনা সদস্য নিহত হন। এই ঘটনায় আরও একজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।

সূত্র: টাইমস অব ইসরায়েল