ইরাকে বিধ্বস্ত মার্কিন সামরিক বিমানের ৬ ক্রু নিহত: সেন্টকম

ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন সামরিক বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমানের ছয় জন ক্রুর সবাই নিহত হয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, বিধ্বস্ত কেসি-১৩৫ বিমানটিতে থাকা ছয় জন ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, শত্রুভাবাপন্ন কোনও পক্ষ বা নিজেদের কোনও বাহিনীর গুলিতে এই দুর্ঘটনা ঘটেনি।

নিহতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নিয়ম অনুযায়ী, তাদের পরিবারকে জানানোর ২৪ ঘণ্টা পর পরিচয় জনসমক্ষে আনা হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার দিনের শুরুর দিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, দুর্ঘটনায় চার জন ক্রু নিহত হয়েছেন এবং নিখোঁজ বাকি দু জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ছয় জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করা হলো।

সূত্র: এপি