ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের তিন আরব মিত্রের কাছে ২৩ বিলিয়ন বা ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নোটিশ কংগ্রেসের কাছে পাঠিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এই বিশাল অস্ত্র চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডানকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হবে।
কোন দেশ কী পাচ্ছে
সংযুক্ত আরব আমিরাত: দেশটিকে ৮০০ কোটি ডলারের বেশি মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ড্রোন, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ।
কুয়েত: মিসাইল ডিফেন্স বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেমের জন্য কুয়েতকে দেওয়া হবে আরও ৮০০ কোটি ডলারের সরঞ্জাম।
জর্ডান: সামরিক বিমান ও গোলাবারুদ সহায়তার জন্য জর্ডান পাচ্ছে ৭ কোটি ৫ লাখ ডলারের প্যাকেজ।
এছাড়া, এই তিন দেশের জন্য আরও ৬০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এগুলো আগে অনুমোদিত প্যাকেজের সমন্বয় বা সরাসরি বাণিজ্যিক বিক্রয় হওয়ায় কংগ্রেসকে জানানোর প্রয়োজন পড়েনি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, এসব চুক্তির বিস্তারিত তথ্য এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি।