কুয়েত বিমানবন্দরে আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে থাকা একটি ফুয়েল ট্যাংককে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে বিমানবন্দরে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই জরুরি ব্যবস্থা নেওয়া হয়। অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এতে শুধু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে নতুন করে হামলার কথা জানিয়েছে ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে তাদের ৮৮তম ক্ষেপণাস্ত্র হামলার ধাপ চালু করেছে।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর তেল আবিব, কিরইয়াত শোমোনা ও বেনি বার্কে থাকা সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। এছাড়া কুয়েত, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্য করা হয়েছে বলে জানায় তারা।

অন্যদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৯টি ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে। মন্ত্রণালয় বলছে, সবশেষ ৪০ মিনিটে দেশের পূর্বাঞ্চলে আমরা ৯টিরও বেশি ড্রোন ইন্টারসেপ্ট ও ধ্বংস করেছি।

ড্রোনগুলো কোথা থেকে ছোঁড়া হয়েছে এবং এতে কোনও হতাহত বা ক্ষতির ঘটনা ঘটেছি কি না সে সম্পর্কে এখনও কোনও তথ্য জানায়নি মন্ত্রণালয়।