দেশের ভূখণ্ড আমাদের রেড লাইন, সরকারবিরোধী ইরানি বিক্ষোভকারী

ইরানের অভ্যন্তরে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা তরুণরাও এখন দেশের সার্বভৌমত্ব রক্ষায় একাট্টা। মার্কিন বাহিনী যদি ইরানের ভূখণ্ডে কোনও ধরনের স্থল অভিযান চালায়, তবে নিয়মিত সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন এক তরুণ বিক্ষোভকারী। তার মতে, দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা তাদের জন্য একটি রেড লাইন।

উত্তর ইরানের বাবল শহরের ২৫ বছর বয়সী এক তরুণ আন্দোলনকারী নিজের নিরাপত্তা রক্ষার্থে নাম প্রকাশ না করার শর্তে বলেন, যদি আমার দেশের কোনও দ্বীপ বা ভূখণ্ডের কোনও অংশ দখলের পরিকল্পনা করা হয়, তবে ইরানি জাতিকে রক্ষায় আমি অবশ্যই একজন সেনা হিসেবে নিজেকে নিয়োজিত করব।

যুদ্ধ শুরুর আগে নিয়মিত সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া এই তরুণ জানান, গত সপ্তাহে জাতীয় প্রতিরক্ষা প্রচেষ্টায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি একটি বার্তা পেয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি অভিজাত রেভল্যুশনারি গার্ড-এর হয়ে লড়বেন না, কারণ এই বাহিনী অতীতে বিভিন্ন আন্দোলন দমনে ভূমিকা রেখেছে। এর বদলে তিনি দেশের নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী।

ইরানে বর্তমানে সাধারণ জনগণকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। যদিও এই প্রচারণার মাধ্যমে ঠিক কতজন স্বেচ্ছাসেবী সাড়া দিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, ইরানে ১৮ বছরের বেশি বয়সী অধিকাংশ পুরুষের জন্য সামরিক সেবা প্রদান বাধ্যতামূলক, তবে কিছু ক্ষেত্রে সীমিত ছাড়ের ব্যবস্থা রয়েছে।

দেশের ভেতরে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বিদেশি আগ্রাসনের মুখে ইরানি তরুণদের এই দেশপ্রেম ও অনড় অবস্থান ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: এপি