ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, এমন গুঞ্জন জোরালোভাবে নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে এই জল্পনা তৈরি হলেও মার্কিন প্রশাসন একে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
সোমবার হাঙ্গেরিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেডি ভ্যান্স বলেছিলেন, ‘আমাদের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে যা আমরা এখন পর্যন্ত ব্যবহারের সিদ্ধান্ত নেইনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চাইলে সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন। ইরান যদি তাদের আচরণের পরিবর্তন না করে, তবে তিনি অবশ্যই সেই সিদ্ধান্ত নেবেন।’
ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্য এবং ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া ‘আজ রাতে একটি পুরো সভ্যতা হারাবে’ হুমকির পর অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয় যে, যুক্তরাষ্ট্র হয়তো পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ডেমোক্র্যাট শিবিরের পক্ষ থেকে দাবি করা হয় যে, ভ্যান্সের কথায় ট্রাম্পের পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে।
তবে হোয়াইট হাউজের র্যাপিড রেসপন্স এক্স অ্যাকাউন্ট থেকে এই দাবিকে কঠোরভাবে নাকচ করা হয়েছে। ডেমোক্র্যাটদের একটি পোস্টের জবাবে হোয়াইট হাউজ লিখেছে, ‘ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তার মধ্যে এমন কোনও ইঙ্গিত নেই, ওহে অপদার্থের দল।’
সিএনএন জানিয়েছে, ভ্যান্স ও ট্রাম্পের মন্তব্যের বিষয়ে আরও স্পষ্ট হতে তারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা কোনও সাড়া পায়নি