লেবানন ইস্যুতে আলোচনা ভেস্তে দিলে বোকামি করবে ইরান: জেডি ভ্যান্স

লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে না দিতে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, এমন সিদ্ধান্ত হবে ইরানের জন্য চরম বোকামি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবার হাঙ্গেরি ত্যাগ করার সময় সাংবাদিকদের ভ্যান্স বলেন, যে সংঘাতে ইরান ধ্বংস হয়ে যাচ্ছিল, সেই সংঘাত বন্ধের আলোচনা যদি লেবাননকে কেন্দ্র করে তারা ভেস্তে দিতে চায়, তবে তা হবে তাদের নিজেদের সিদ্ধান্ত। যদিও লেবাননের সঙ্গে তাদের সরাসরি কোনও সম্পর্ক নেই এবং যুক্তরাষ্ট্র কখনোই বলেনি যে লেবানন এই যুদ্ধবিরতির অংশ। আমরা মনে করি এটা বোকামি হবে, কিন্তু সিদ্ধান্ত তাদের।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে যে বিবৃতি দিয়েছিলেন, তাতে স্পষ্ট বলা হয়েছিল যে লেবাননও এই চুক্তির আওতাভুক্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সেই বিবৃতির লেবানন সংক্রান্ত অংশটি হাইলাইট করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শর্ত স্পষ্ট: যুক্তরাষ্ট্রকে হয় যুদ্ধবিরতি বেছে নিতে হবে, না হয় ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া। দুটি একসঙ্গে হতে পারে না।’

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউস দাবি করছে, লেবানন এই চুক্তির অংশ নয়। জেডি ভ্যান্স বিষয়টিকে ‘যুক্তিসঙ্গত ভুল বোঝাবুঝি’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানিরা হয়তো ভেবেছিল লেবানন এতে অন্তর্ভুক্ত, কিন্তু আসলে তা ছিল না। তবে এত উচ্চপর্যায়ের আলোচনায় কীভাবে এমন মৌলিক ভুল বোঝাবুঝি হতে পারে বা পাকিস্তানের বিবৃতিতে কেন লেবাননের নাম এল, তার কোনও ব্যাখ্যা মার্কিন কর্মকর্তারা দেননি।