যুক্তরাষ্ট্রের প্রতি ‘গভীর অবিশ্বাস’ নিয়ে শনিবারের আলোচনায় বসছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই মন্তব্য করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
আরাঘচি বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাঝপথেই ইরান দুবার হামলার শিকার হওয়ায় এই আস্থার সংকট তৈরি হয়েছে।
শনিবারের এই আলোচনাকে কেন্দ্র করে আরাঘচির দফতর থেকে টেলিগ্রামে একটি পোস্ট করা হয়। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, ইরান যদি আবারও কোনও হামলার শিকার হয়, তবে তারা এর কঠোর জবাব দেবে।
আব্বাস আরাঘচি বলেন, আলোচনার টেবিলে বসার আগে অতীতের তিক্ত অভিজ্ঞতা তাদের ভাবিয়ে তুলছে। বিশেষ করে আলোচনার চলাকালীন হামলার ঘটনাগুলো ওয়াশিংটনের প্রতি তেহরানের অবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।
পারমাণবিক আলোচনার পাশাপাশি বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও কথা বলেন আরাঘচি। তিনি অবিলম্বে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।