সিদ্ধান্তের ভার আমেরিকার হাতে, আলোচনায় ‘তাড়াহুড়ো নেই’ ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে ইরান জানিয়েছে, সমঝোতার ব্যাপারে এখন সব দায়বদ্ধতা ওয়াশিংটনের এবং তেহরানের কোনও ‘তাড়াহুড়ো নেই’। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা’র।

সূত্রটি তাসনিম নিউজকে জানায়, ইরান আলোচনায় অত্যন্ত যুক্তিসঙ্গত উদ্যোগ ও প্রস্তাব পেশ করেছে। এখন সিদ্ধান্তের ভার আমেরিকার হাতে; তারা বিষয়গুলোকে বাস্তবসম্মতভাবে দেখছে কি না, সেটাই দেখার বিষয়।

আলোচনায় ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে সূত্রটি আরও দাবি করে, যুদ্ধের ময়দানের মতো আলোচনার টেবিলে বসেও ভুল হিসাব কষছে ওয়াশিংটন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র একটি যুক্তিসঙ্গত চুক্তিতে সম্মত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালি ইস্যুতে কোনও পরিবর্তন আসবে না।

সূত্রটি আরও জানিয়েছে, পরবর্তী পদক্ষেপের জন্য ইরান কোনও তাড়াহুড়ো করছে না।