সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন হামলার পর মেরামত করা হয়েছে এবং এটি এখন পূর্ণ সক্ষমতায় চালু রয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। রবিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, লোহিত সাগরে তেল পরিবহনের জন্য ব্যবহৃত এই পাইপলাইনের দৈনিক বহনক্ষমতা প্রায় ৭০ লাখ ব্যারেল। খবর এপি’র।
সৌদির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মানিলা তেলক্ষেত্রে মেরামত কাজ সম্পন্ন হয়েছে, ফলে সেখানে দৈনিক প্রায় ৩ লাখ ব্যারেল উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার হয়েছে। এদিকে কুরাইস তেলক্ষেত্রে এখনও কাজ চলমান রয়েছে। সেখানে আরও ৩ লাখ ব্যারেল দৈনিক উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে প্রচেষ্টা অব্যাহত আছে।
সৌদি আরামকো পারস্য উপসাগরের কাছে অবস্থিত আবকাইক তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে এই পাইপলাইন পরিচালনা করে। এর ফলে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে ইরানের নিয়ন্ত্রণাধীন পথ এড়িয়ে তেল পরিবহন সম্ভব হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পাইপলাইনের একটি পাম্পিং স্টেশনে হামলার ঘটনায় প্রায় ৭ লাখ ব্যারেল তেল পরিবহন ব্যাহত হয়।