ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, বৃহস্পতিবার ইস্টার্ন টাইম বিকাল ৫টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চমৎকার আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে।

ইরানপন্থি হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর মঙ্গলবার ওয়াশিংটনে কয়েক দশকের মধ্যে প্রথম সরাসরি কূটনৈতিক আলোচনায় বসে দেশ দুটি।

স্থায়ী শান্তি অর্জনে ইসরায়েল ও লেবাননের সঙ্গে কাজ করার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অন্যদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, চলুন, এটি সম্পন্ন করি।

এদিকে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বংসী যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতিতে পৌঁছাতে সহায়তা করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন জোসেফ আউন।

তবে সরাসরি আলোচনার ক্ষেত্রে কিছু জটিলতাও দেখা গেছে। লেবাননের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, জোসেফ আউন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে আউন স্পষ্ট করেন যে, লেবাননে চলমান বিমান হামলা ও ধ্বংসযজ্ঞের মধ্যে এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলা অপ্রাসঙ্গিক।