ইতিহাস মুছে দিচ্ছে ইসরায়েল: লেবাননের প্রধানমন্ত্রী 

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ইসরায়েল সীমানা বিস্তার করেই থেমে থাকছে না। তারা কোনও নির্দিষ্ট স্থানকে লক্ষ্যবস্তু বানাচ্ছে না, বরং তারা সম্পূর্ণ ধ্বংসের নীতি গ্রহণ করেছে। ইসরায়েল যা করছে তা কেবল লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘনই নয়, বরং এটি ইতিহাস মুছে ফেলার একটি চেষ্টা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি অর্জনে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম।

চলমান যুদ্ধবিরতি আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ এবং শান্তির সিদ্ধান্ত একটি জাতীয় সিদ্ধান্ত হিসেবেই থাকবে।

ইসরায়েলের স্থল আগ্রাসনের কারণে দেশের দক্ষিণাঞ্চলের যেসব মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন, তাদের উদ্দেশ্যেও কথা বলেন প্রধানমন্ত্রী। নওয়াফ সালাম বলেন, আপনাদের কষ্ট পুরো লেবাননের কষ্ট। আপনারা বিশ্বাস রাখুন যে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, বন্দীদের প্রত্যাবর্তন এবং পুনর্বাসনের জন্য লেবানন রাষ্ট্র কোনও প্রচেষ্টা বাকি রাখবে না।