কুয়েত ও বাহরাইনের মতো সদস্য রাষ্ট্রগুলোর ওপর ইরানের ‘চলমান আগ্রাসনে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। সংস্থাটি বলেছে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের এই ‘কাপুরুষোচিত হামলা’ একটি ‘বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা’ তৈরি করেছে।
বুধবার জিসিসির মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই বলেন, এই হামলাগুলো সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সার্বভৌমত্বকে লক্ষ্য করে ‘ইরানি শাসকগোষ্ঠীর বর্জনীয় ও শত্রুতামূলক নীতি’ বজায় রাখার একগুঁয়েমিরই বহিঃপ্রকাশ।
জিসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান এখানে ‘আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং সব আন্তর্জাতিক নিয়মকানুন’ লঙ্ঘন করেছে। ইরানের এই বিপজ্জনক ও আগ্রাসী কর্মকাণ্ডের অবসান ঘটাতে আন্তর্জাতিক মহলের একটি দৃঢ় অবস্থানের প্রয়োজন রয়েছে বলেও বিবৃতিতে জোর দেওয়া হয়।
মহাসচিব আলবুদাইউই আরও বলেন, “বাহরাইন ও কুয়েতের নিরাপত্তা জিসিসিভুক্ত রাষ্ট্রগুলোর সামগ্রিক নিরাপত্তারই একটি অবিচ্ছেদ্য অংশ। এই হামলা মোকাবিলায় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলো ঐক্যবদ্ধ রয়েছে। একই সঙ্গে দুই দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তাদের নেওয়া সব পদক্ষেপ ও ব্যবস্থার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে জিসিসি।”
সূত্র: আল-জাজিরা