মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তির রূপরেখায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইতোমধ্যেই এই চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি ইলেকট্রনিক স্বাক্ষর বা ই-সাইনিং অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এরপর আগামী সপ্তাহে টেকনিক্যাল বা কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।
তবে এই চুক্তি স্বাক্ষরের সময়সূচি নিয়ে ভিন্ন সুর শোনা গেছে ইরানের পক্ষ থেকে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আগামী রবিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ‘ইসলামাবাদ স্মারক’ স্বাক্ষরিত হচ্ছে না।
আগামী দিনগুলোতে এই ইসলামাবাদ স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না উল্লেখ করে ইসমাইল বাঘাই বলেন, চুক্তির তারিখ নিয়ে যেকোনও মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেন, অপর পক্ষের (যুক্তরাষ্ট্র) দ্বিধাদ্বন্দ্বের কারণেই এখনই চূড়ান্ত তারিখ বলা যাচ্ছে না।