ইসরায়েল-লেবানন চুক্তিকে ‘আত্মসমর্পণ’ বলে প্রত্যাখ্যান হিজবুল্লাহর

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া নিরাপত্তা কাঠামো চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। চুক্তি স্বাক্ষরের একদিন পর শনিবার সংগঠনটির প্রধান নাঈম কাসেম এটিকে ‘ইসরায়েলের কাছে আত্মসমর্পণের দলিল’ বলে অভিহিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে নাইম কাসেম চুক্তিটিকে ‘অকার্যকর’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, লেবানন সরকার একতরফা ছাড় দিয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে।

ইসরায়েলের সেনা প্রত্যাহারকে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের সঙ্গে যুক্ত করার সমালোচনা করে তিনি বলেন, এতে কার্যত লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি বৈধতা পেয়েছে এবং ‘সব লাল রেখা’ অতিক্রম করা হয়েছে।

হিজবুল্লাহর সশস্ত্র প্রতিরোধ অব্যাহত থাকবে উল্লেখ করে কাসেম বলেন, সবচেয়ে কঠিন সময়েও আমরা যুদ্ধক্ষেত্র ছাড়িনি, এখনও ছাড়বো না।

ইসরায়েলের দখলে থাকা এলাকাগুলোতে ফিরতে না পারা লাখো বাস্তুচ্যুত লেবানিজের মধ্যে, বিশেষ করে শিয়া জনগোষ্ঠীর মধ্যে, এই চুক্তি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির নেতৃত্বাধীন আমাল আন্দোলনও চুক্তিটিকে ভারসাম্যহীন বলে সমালোচনা করেছে। তাদের দাবি, এটি ইসরায়েলের অনুকূলে পরিস্থিতিকে আরও স্থায়ী করবে।